Breaking News:

সংসদে বাগমারার জলাবদ্ধতা ও বর্জ্য সংকট তুলে ধরলেন এমপি

মোঃ রবিউল ইসলাম, বাগমারা প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

মোঃ রবিউল ইসলাম, বাগমারা প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার জাতীয় সংসদে তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকট তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

রবিবার বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা/পরিষদ এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। কিন্তু এসব এলাকায় আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টির সময় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হওয়ায় তা নদীতে গিয়ে পড়ছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য। এর ফলে নদী ভরাটের পাশাপাশি পরিবেশ দূষণ ও দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে বাগমারার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানান ডাঃ আব্দুল বারী সরদার।

তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাগমারার জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংসদে বাগমারার মানুষের দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে আশার সৃষ্টি হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত