স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর-দুর্গাপুরে কীটনাশক বিক্রেতার সাইদুল ইসলামের বাড়িতে পাওয়া গেলো অবৈধভাবে মজুত রাখা ৬৭০ বস্তা সার।
শুক্রবার দুপুরে এসব সার উপজেলার কিসমত গণকৈড় এলাকায় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কিসমত গণকৈড় এলাকার আড়ইল গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে বিক্রেতা সাইদুল পালিয়ে যান। পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়া বাজারে তাঁর একটি কীটনাশকের দোকান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী উম্মে হাবিবা। বলেন, অভিযুক্ত সাইদুলকে আটক করা না গেলেও তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
পুলিশ ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম বিভিন্ন জায়গা থেকে এনে বিপুল পরিমাণ সার মজুত করে বেশি দামে কৃষকের কাছে বিক্রি করতেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে ২৪৬ বস্তা ইউরিয়া, ১০০ বস্তা টিএসপি ও ৩২৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সাইদুল পালিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী বলেন, অভিযুক্ত সাইদুল লাইসেন্সধারী সার বা কীটনাশক বিক্রেতা নন। তাঁর কীটনাশক দোকান আছে। জব্দ করা সার কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।